বাংলা প্রতিবেদন লেখনী – সপ্তর্ষি নাগ

প্রশ্ন:                 বাংলা চলচ্চিত্রের অবক্ষয় নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদন লেখো।

উত্তর:                

বাংলা চলচ্চিত্রের সেকাল আর একাল

নিজস্ব সংবাদদাতা

ক খ গ, জুলাই ৩১: বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক মার্টিন স্করসেসে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজিকে তাঁর শিল্পীসত্ত্বার অন্যতম অনুঘটক তথা অনুপ্রেরণা বলেছিলেন। রায়কর্তার সৃষ্টিসুখে মজেছিলেন সেকালের কুরোসোয়া বা একালের নোলান। কপোলা থেকে স্পিলবার্গ কে নেই তাঁর অনুরাগীর তালিকায়? তাঁর হাত ধরে বাংলাছবি এসেছিল বিশ্বচলচ্চিত্র দরবারের পাদপ্রদীপের আলোয়। অস্কারের গৌরব সত্যজিৎ তথা বাংলা ছবিকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। তবে বাংলাছবির স্বর্ণযুগে ঋত্বিক ঘটক, মৃনাল সেন, তপন সিনহা কারই বা অবদান কম? একদিকে উত্তম -সুচিত্রা বা সৌমিত্র যেমন বাঙালিকে হলমুখো করেছেন তেমনি ভুবন সোম, অযান্ত্রিক বা অগ্নিশ্বর বিদগ্ধ বাঙালিকে দিয়েছে চিন্তার খোরাক। ঋষিকেশ মুখুজ্যের ছবিতে বাঙালি যেমন ফেলেছে তৃপ্তির শ্বাস আর অন্যদিকে ‘কোরাস’ ছবিতে সামাজিক বৈষম্য বাঙালিকে ফের বিদ্রোহী করেছে। সত্যজিৎ-মৃনালোত্তর বাংলা ছবি দিয়েছে গৌতম ঘোষ বা ঋতুপর্ণ নামক শিল্পীকে যারা ‘পার’, ‘অন্তর্জলি যাত্রা’ বা ‘উনিশে এপ্রিল’ দিয়ে চালু রেখেছিলেন স্বর্ণ যুগের মূর্ছনা।

কিন্তু তারপর? শুধুই শূন্যতা। চটুল নাচ-গান, মুম্বাই বা দক্ষিণী ছবির অন্ধ অনুকরণ স্বর্ণযুগের ইতিই শুধু টানেনি, গোটা বাঙালি জাতির সৃষ্টিশীলতাকেই বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছে I একসময়কার হলপাগল বাঙালি মুখ ফিরিয়েছে সিনেমাঘর থেকেই। অশ্লীল গালিগালাজ, যৌনতার সুড়সুড়ি, অহেতুক মারদাঙ্গা কেবল পরিচালক বা চিত্রনাট্যর দুর্বলতাকেই নগ্ন করেনি, প্রকট করেছে রুচিশীলতা, মৌলিকতার অভাবকেও। আজ তপন সিনহা নেই। বাংলা ছবির বাঞ্ছারামের বাগান আজ তাই সৃষ্টির দৈন্যতায় নরক গুলজার। আজ মৃনাল সেন ও নেই। নীল আকাশের নিচে তাই রাজনীতির নগ্ন উদ্দামতা আর ফেলে আসা দিনের জন্য হা-হুতাশ। বাঙালি তাই আজ ওটিটি দেখে, বিশ্বচলচ্চিত্রের উর্দ্ধমুখিতা দেখে দীর্ঘশ্বাস ফেলে।

চিন্তার মৌলিকতা আর গতে বাঁধা ফর্মুলার বাইরে বেরিয়ে নতুন কিছুর প্রয়াস ছাড়া বাংলাছবির এই কলির দশা শেষ হওয়ার নয়। হয়তো বা কেউ আসবেন। নতুন কিছু ভাববেন। আবার বাঙালি ফিরে পাবে সেই কাশফুল আর ট্রেনের মতোই সিনেমার সংজ্ঞা আমূল বদলে দেওয়া কোনো ছবি। আশা করতে ক্ষতি কি?

এরকমই লেখা হাতে ধরে শেখাতে আনছি আমার সবচেয়ে প্ৰিয় Academic Project – Eklavya Descriptive Bangla-English Batch. The batch is starting from the 5th September. Read the article below to know the details.

মেসিকাহন

সপ্তর্ষি নাগ

আজ তোমার অনেক সমর্থক। অনেকেই বলছেন, বিশ্বসেরা তুমিই। নতুন কত মরশুমি পাখি আজ রাত জাগছে তোমার জাদুদণ্ডের কয়েক ঝলক দেখতে। তুলনার তুলোধোনা করে আজ তোমার দল ফাইনালে। জানি রাস্তা এখনো অনেকটাই বাকি। এই নির্মম বিশ্বে প্রথম আর দ্বিতীয়র মধ্যে ফারাক ততটাই যতটা তথাকথিত ফুটবলবোদ্ধাদের কাছে মারাদোনার আর তোমার। দ্বিতীয় হলে সত্যি আজকের অনেক চাটুকার স্বমূর্তি ধরবেন। বলবেন, সব ঠিক আছে কিন্তু এ আর যাই হোক বিশ্বসেরা কোনোদিনই না। উঠে আসবে সেই ক্লিশে মন্তব্য, লোকটা ক্লাবের বাইরে কোনোদিনই বেরোতে পারেনি। উঠে আসবে একের পর এক কোপাতে ব্যর্থতা। উঠে আসবে ২০১৪ সালের সেই ভয়ঙ্কর রাত।

কিন্তু এবারের তুমি কোথায় যেন সত্যি অন্যরকম। পাঁচখানা গোল করা বা তিনখানা গোল করানো – এসব তো কেবল পরিসংখ্যান। যারা তোমার জন্য রাত জাগেননি তারা জানতেও পারবে না, এবার বিশ্বকাপে নিজেকে কতটা নিংড়ে দিয়েছিলে তুমি। হারের পরে ডাচ বর্বরতার বিরুদ্ধে চরিত্রবিরোধী প্রতিবাদ দেখিয়েছিলো তুমি এবার সত্যি কোনোভাবেই কাপ ছাড়তে চাও নি। লুই ফান গালকে মৃদু গালিগালাজে বুঝিয়েছিলে বিনাযুদ্ধে নাহি দিব মনোভাব। ফুটবল রেফারিং এর ইতিহাসের কালো দিন সেই ডাচ ম্যাচের পর রেফারিকে তুলোধোনা করতেও ছাড়োনি তুমি।কিন্তু এসব তো মাঠের বাইরের কথা। মেক্সিকোকে দেওয়া গোলটা আসলে তোমার হয়ে তোমার নিন্দুকদের দেওয়া একটা বিবৃতি ছিল- মেসিকে আটকাবে এমন খেলোয়াড় আজ হয়তো এই দুনিয়ায় আর নেই। কয়েক ইঞ্চির ব্যবধানে থাকা কয়েকটা পা -কে হেলায় কাটিয়ে ওছোয়ার মতো গোলির ডাইভকে হারিয়ে বলটা যখন বারপোষ্টে চুমু খেল, একটাই কথা মনে হল, এই মেসি বার্সেলোনার স্বর্ণযুগের তরুণ মেসির ও পরিমার্জিত সংস্করণ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তৃতীয় গোলে তোমার প্রতিভার ঝলক দেখে বিশ্ব তোমার বন্দনায় মেতে উঠেছে। কিন্তু তোমার কঠিন সময়ে পাশে থাকা কোটি কোটি ভক্তরা জানে, নিজের সেরা দিনে এটা তোমার কাছে জলভাত। তুমি তো তাদের কাছে একটা অভ্যাস। যেমন করে সূর্য উঠবে পূব আকাশে, যেমন করে বর্ষাকালে বৃষ্টি হবে, যেমন করে চাতক চেয়ে থাকবে জলের আশায়। তেমনি মেসি ও মেশিনের মতো ডিফেন্স ভাঙবেন পায়ের জাদুতে, গোল করবেন বা করাবেন। আশ্চর্য হওয়া মানুষদের দেখেই আশ্চর্য হতে হয়। আর একটু ভাগ্যবান মনে হয় নিজেকে। এই মেসি তো আমাদের চেনা। হ্যাঁ, এই মেসিই।

জাদুকর, আর একটা রাত নিজেকে নিজের মতো রাখো। অনেকেই অংক কষেন তোমার সঙ্গে কার খেলা পড়ছে তার। আমি বলবো,তোমার দিনে তোমার বিরুদ্ধে বিশ্বের সর্বকালের সেরা ডিফেন্সকে লাগিয়ে দিলেও তুমি সেটায় ফাটল ধরাবে। তুমিই তো বিশ্বসেরা। তুলনা করা তো নশ্বরের কাজ। নিন্দা করা তো নির্বোধের কাজ। নিন্দা আর তুলনার বাইরে থাকা তো তোমার মতো অবিনশ্বরের দায়িত্ব। আবার বলছি, সেকেন্ড বয় হয়ে থাকা মেসি এই মেসি না। ক্লাবস্তুরেও পরপর পাঁচটা ম্যাচ এরকম করে চাগিয়ে থাকতে তোমাকে দেখিনি অনেকদিন। তাই বিশ্বাসে বুক বাঁধছি কোটি কোটি সমর্থক। ছোটবেলা থেকে অসুস্থতা, নিন্দা, তুলনা,দুর্ভাগ্য সবই তো জয় করেছো। এবার ফুটবলদুনিয়ার হোলি গ্রেলটাই বা অধরা থাকে কেন, জাদুকর?

চোখ (গল্প )

লেখা – সপ্তর্ষি নাগ

একটা বহুজাতিক সংস্থায় প্রমোশন পেয়ে বেঙ্গালুরু থেকে অরিত্র ভুবনেশ্বর এসেছে মাসদুয়েক হল। শহরের পাশেই একটা উঠতি টাউনশিপে বাংলো ধাঁচের একখানা বাড়িতে আস্তানা গেড়েছে। কোম্পানিই দিয়েছে। জায়গাটা ভারি সুন্দর। আশেপাশের বাড়িগুলোতেও লোকজন তেমন থাকে না। মাঝেমাঝে সপ্তাহান্তে লোকজন এসে একটু হইহুল্লোড় করে। বিয়েশাদি করেনি ও। বাবা-মা থাকেন কলকাতাতে। মাসে একবার কলকাতা যায়। ভিড়ভাট্টা ওর তেমন পছন্দ নয়। কোম্পানি দুজন খানসামার খরচা দিলেও ওর তেমন লোকজন পছন্দ নয় বলে কাউকেই নেয় নি। একসময় রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিল। নিজের কাজ নিজের হাতেই করা পছন্দ। মাঝেসাঝে ঘরদুয়ার পরিষ্কার করতে লোক ডেকে নেয়। সময় পেলে একা একাই একটু লেখালেখি করতে পছন্দ করে। আর কাজের ব্যস্ততা তো রয়েইছে।

আজ শনিবার। তেমন কাজ নেই। তারমধ্যে আবার কালরাত থেকে অঝোরে বৃষ্টি পড়ছে। সকাল থেকেই ও টিভিতে খবর দেখছে । অন্যসময় তেমন টিভি দেখার নেশা নেই ওর। কিন্তু দিনেকয়েক হল একটা ঘটনা পুরো শহরকেই নাড়িয়ে দিয়েছে। মাঝেমাঝেই তাই টিভিতে নজর রাখছে । আসলে শহরে পরপর খুনের ঘটনা ঘটে চলেছে। আর খুন ও যেমন তেমন নয়। হাতুড়ি বা সেই ধরণের কিছু দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে প্রতি ক্ষেত্রেই। মাথাটা থ্যাতলা হয়ে রক্তগঙ্গা বয়ে গেছে। আর অদ্ভুতভাবে প্রতি ক্ষেত্রেই চোখেদুটোকে উপড়ে নেওয়া। টিভিতে বারবার সেই মৃতদেহগুলোর ছবি ভাসছে। ফরেন্সিক এক্সপার্টরা বলছেন, এটা কোনো উন্মাদ ব্যক্তির কাজ। মানে সিরিয়াল কিলার গোছের। প্রত্যেক খুনের ধরণ একই রকমের। আর সবক্ষেত্রেই নাকি খুন হয় অন্য জায়গাতে আর তারপর মৃতদেহ ফেলে রাখা হয় কোনো নির্জন জায়গাতে। যেমন শহরলাগোয়া ছোট জঙ্গল বা নদীর তীর ধরণের। প্রায় সপ্তাহখানেকের ভেতরেই তিনখানা এরকম মৃতদেহ পাওয়া গেলেও পুলিশ কোনো কূলকিনারা করে উঠতে পারেনি এখনো। বারবার করে টিভিতে সতর্ক করা হচ্ছে অপরিচিত মানুষের থেকে দূরে থাকতে। রাতের দিকে খুব প্রয়োজন ছাড়া বেরোনোতেও নিষেধাজ্ঞা চলছে। একে আকাশভাঙা বৃষ্টি, তার উপর আবার টিভিতে ভয়াবহ সেইসব ছবি। কেমন যেন গা শিরশির করে উঠছিল অরিত্রের।

হঠাৎ করে কলিংবেল বেজে উঠল। চমকে উঠেছিল অরিত্র। এই দুর্যোগে কে এল আবার! দরজার আই-হোল দিয়ে দেখল একটা মেকানিক গোছের লোক এসেছে। এসি মেশিনটা ইনস্টল করতে এসেছে, মনে পড়লো অরিত্রের। দরজার এপাশ থেকেই চিৎকার করে জিজ্ঞাসা করলো লোকটাকে। ঠিকই ধরেছে এসি মেশিন লাগাতেই এসেছে। সঙ্গে আবার যন্ত্রপাতির একখানা ব্যাগ। দিনকাল ভালো নয়, দরজা খুলেই তাই পরিচয়পত্র চাইলো ও। লোকটার চেহারাছবি ঠিক সুবিধার লাগছে না। পরিচয়পত্র অবশ্য ঠিক আছে। একবার ভাবলো আজ না করে দেয়, পরে আসতে বলে। তারপর আবার মনে হল, এইসব কাজের লোক সবসময় পাওয়া মুশকিল। তাছাড়া পরশু অবধি যা গরম পড়েছিল। এসিটা লাগিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। শোবার ঘরে অবশ্য এসি শুরু থেকেই ছিল। কিন্তু যেখানে বসে ও কোম্পানির পেপারওয়ার্ক করে, সেখানে আরেকখানা এসি না লাগালেই চলছিল না। তার উপর আবার ভুবনেশ্বরের গরম! এত মাইনের চাকরি করেও একদম অনাড়ম্বর জীবনে তো এটাই ওর একমাত্র বিলাসিতা। যাই হোক লোকটাকে এসিটা আর কোথায় লাগাতে হবে সেটা দেখিয়ে দিল অরিত্র। লোকটা রেনকোটটা বাইরে মেলে কাজ শুরু করলো। অরিত্র লোকটাকে খুটিয়ে খুটিয়ে দেখে মেপে নেয়ার চেষ্টা করছিল। তারপর আবার টিভির দিকে চোখ রাখল। সবগুলো চ্যানেলই কয়েকখানা ফুটেজ বারবার দেখাচ্ছে। আর সেই সঙ্গে চলছে পুলিশের ব্যর্থতার বিচার। এক্সপার্ট প্যানেল বসেছে মানুষের বিকৃত চিন্তাধারার উপরে। ওড়িয়া ভাষা দুমাসে একেবারেই রপ্ত করতে পারেনি বলে শুধু ইংরেজি কভারেজগুলোই দেখছিল। পাশের ঘরে লোকটা কাজ করে চলেছে। অরিত্রের বারবার চোখ যাচ্ছিল ওর ব্যাগ থেকে বের করা জিনিসগুলোর দিকে। একখানা হাতুড়ি চকচক করছে। ফোনটা একবার চেক করে নিল অরিত্র। পুলিশের নম্বরটা লাস্ট ডায়ালে রেখে দিল। সাবধানের মার নেই।

শোয়ার ঘরটা বন্ধই রাখা ছিল। অরিত্র টিভিটা চালিয়ে রেখেই সেখানে ঢুকল। কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ ঘরটাতে । মাথার পাশের টেবিল থেকে কতগুলো ছোটছোট জিনিস তুলে নিল ও।

আর ড্রয়ার থেকে আরেকটা কি বের করলো। ধীরে ধীরে দরজা বন্ধ করে ড্রয়িং রুমে ঢুকল আবার। ছোট জিনিসগুলোকে ফ্রিজের উপর বসাল। টিভির সাউন্ড বাড়িয়ে দিল অনেকটাই। পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স রেখেছে।পাশের ঘরে লোকটা একমনে কাজ করে চলেছে। গুনগুন করে কি একটা সুর ও মনে হয় ভাঁজছে। অরিত্র গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওই ঘরে। হাতে ড্রয়ার থেকে বের করা জিনিসটা। লোকটা নিজের কাজে ব্যস্ত, বোঝেনি অরিত্র ঢুকেছে ঘরে। হঠাৎ করে ওর মাথায় হাতুড়ির আঘাত পড়ল। একবার, দুবার, বারবার। চকিতে মেঝেতে লুটিয়ে পড়ল লোকটা। শেষ! রক্তে ভেসে গেল ঘর। অরিত্রের মুখে একটা তৃপ্তির হাসি। ফ্রিজের উপর থেকে পুরো ঘটনা যেন দেখছে তিন জোড়া চোখ। আর পুলিশ কমিশনার তখন ইংরেজিতে বলছেন, পুলিশ মনে করছে এর আগে বেঙ্গালুরুতে হওয়া সিরিয়াল মার্ডারের সঙ্গে ভুবনেশ্বরের ঘটনার হুবহু মিল পাওয়া গেছে। অরিত্র তখন আঙ্গুল দিয়ে মেকানিকটার চোখ ওপড়াচ্ছে।

একুশকাহন – সপ্তর্ষি নাগ

অবশেষে একুশ | আজ আবার নিজের মাতৃভাষাকে শ্রদ্ধাজ্ঞাপনের দিন | শ্রদ্ধা না থাকলেও মাতৃভাষাপ্রেম দেখানোর দিন | আজ উথলে উঠবে বাংলা ভাষার প্রতি ভক্তি | সোশ্যাল মিডিয়াতে চলবে মাতৃভাষা নিয়ে অহংকারের প্রতিযোগিতা | যে বাঙালি মা ছেলের ভাষা নিয়ে কথা বলতে গেলে ঠোঁট বেঁকিয়ে বলেন, বাংলাটা না ও তেমন লিখতে পড়তে পারে না, বোঝে অবিশ্যি সবটাই, তিনিও আজ পোস্টাবেন – আহা মরি বাংলা ভাষা ! কি জ্বালা ! আদিখ্যেতার ও চক্ষুলজ্জা থাকা দরকার |

এহেন এক গর্বিত বাঙালির পুত্রের নাম পূরব | গোবেচারার মতো তার বাবাকে শুধিয়েছিলাম, এহেন নামের কারণ কি? জবাব এল – বাংলা নাম রাখলে পরে বিদেশ টিদেশ যেতে হলে ওখানে লোকে উচ্চারণ করতে পারবে না | অমর্ত্য সেন শুনলে আঁতকে উঠতেন বইকি | পরে ওনার স্ত্রী অবশ্য সামাল দিতে গেলেন, আসলে মেয়েদের নাম পূরবী হলে ছেলেদের নাম পূরব হলে দোষ কি? দোষের আর কি ! হ্যারি পটারকে বুকে নিয়ে অমর চিত্র কথাকে ভুলে যাওয়া বাঙালির দোষ আর কি ? শুধু বিশেষ দিনে ভাষা নিয়ে ন্যাকামোগুলো খালি বেমানান এই যা |

মেয়েটা বাংলায় বড় কাঁচা, আসলে স্কুলে ইংরেজিতে কথা বলতে হয়, বাংলায় বললে আবার ফাইন – এটা আজকাল বেশ একটা স্টেটাস সিম্বল | সত্যি কথা বলতে কি, আমার দুই সন্তানকে ও ইংরেজি মিডিয়ামে দিয়েছি | শর্ত কেবল একটাই | বড় হওয়ার পথে বন্ধু হবে টেনিদা, ফেলুদা, ঘনাদা | পথ দেখাবে শীর্ষেন্দু, সুনীল, সঞ্জীব, সমরেশ | ঘুমের আগে বিছানায় থাকবে নারায়ণ দেবনাথ | সরস্বতী পুজোয় ঠাকুরের আসনে ছেলেমেয়ে বই রেখেছিল | চমকে উঠলাম বইয়ের নাম দেখে | সবার উপরে হাঁদা ভোঁদার কান্ডকারখানা | নারায়ণবাবু বেঁচে থাকলে ভারি খুশি হতেন |

আজকাল বাঙালি লেখকদের গালমন্দ করে আমরা বেশ মজা পাই | লেখা নাকি আর আগের মতো হচ্ছে না | আচ্ছা একটা লেখা ভালো হলে এটা আমরা নিশ্চয়তা দিতে পারবো যে লোকে সেটা পড়বে? সমাদরই তো শিল্পীর সবচেয়ে কাম্য পুরস্কার | সেই সমাদরের মানুষই না থাকলে লেখার উৎসাহ আসবে কোত্থেকে? অতএব ওই একদিন গান গেয়ে, পোস্ট করে, বাঙালি পোশাক পরে বাংলাভাষার গুণগান গাবো আর বাকিদিন পিন্ডি চটকাবো, থাকুক বাবা এমন ভাষাপ্রেম |

ইদানিং আবার আরেকদল ভাষাবিশেষজ্ঞ পাওয়া যায় | এদের অন্য ভাষায় অপারগতা বাংলাভাষার প্রতি প্রেমের কারণ | একটা আদ্যপান্ত বাঙালি ঝকঝকে ইংরেজি লিখলে বা বললে এদের গা জ্বলতে থাকে | মনে করবেন না যে এরা বাংলাতেও পুরো ফাটিয়ে দিয়েছেন | খুঁত ধরে দুর্বলতা ঢাকা এদের পেশা | দেখবেন মাঝে মাঝেই এরা অন্যান্য ভাষা বয়কট, অন্য ভাষায় লেখা বই পড়া বয়কট ইত্যাদি স্লোগানে অন্তর্জালদুনিয়া কাঁপান | আরে বাবা, শান্তিপূর্ণ সহাবস্থান যেমন ধর্মে প্রয়োজন, অস্তিত্বে প্রয়োজন তেমনি ভাষাতেও তার প্রয়োজন | আমার ভাষা ভালো মানে এই নয় যে অন্য ভাষা খারাপ |

এক বাঙালি গীতিকারকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা বাংলা গানে আজকাল এত তুইতোকারি চলে কেন? তাঁর জবাব, ওটাই স্টাইল বস, হিন্দিতে তু মেরি জিন্দেগী হ্যায় শোনেননি? বাংলায় কি দাঁড়ায় ব্যাপারটা? হিমশিম খাওয়ার জোগাড় ! অনেকদিন মনে একটা প্রশ্ন ছিল, আগে বাংলা গান থেকে হিন্দি কপি করা হত, আজকাল উল্টে গেছে কেন? উত্তরটা পেয়ে গেলাম |

বিভূতিভূষণের দেবযান সেদিন আবার নতুন করে পড়ছিলাম | শিউরে উঠছিলাম মানুষটার চিন্তার ব্যাপ্তি দেখে | পরের বইটা ছিল তুর্কির লেখক আইসে কুলিনের লাস্ট ট্রেন টু ইস্তানবুল | ভাষা এমনই | দেশ, জাতির গন্ডি মানে না | সব ভাষার প্রতি ভালোবাসা না থাকলে যেমন নিজের ভাষাকে শ্রেষ্ঠ বলার অধিকার মেলে না, তেমনই নিজের ভাষাকে না চিনলে ভিন রাজ্য বা দেশ বা ভাষাও আপন করবে না | সত্যিকারের বাঙালি হলে রোজ তাই একুশে ফেব্রুয়ারী |