ভুলে যাওয়া বাঙালি – এশিয়ার প্রথম নলজাতকের স্রষ্টা – ডাঃ সুভাষ মুখোপাধ্যায় – পর্ব ১০

কলমে- অগ্নিষা খামরুই

(১) দক্ষিণ কলকাতার এক নামী চিকিৎসাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল নিবেদিতা । সৌরিশ এখনো এসে পৌঁছায়নি । সন্ধ্যে ছটায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অনীশ সেনগুপ্তর সঙ্গে ওদের সাক্ষাতের সময় নির্ধারিত । বিয়ের পর দুজনেই চাকরির উন্নতির সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে সময় পেরিয়েছে অনেকটাই । যখন খেয়াল হয়েছে সংসারে থিতু হবার কথা, নতুন একজনকে ওদের মাঝে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বেশ কয়েকবার । অতএব বিশেষজ্ঞের শরণাপন্ন । বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বোঝা গেছে স্বাভাবিক উপায়ে আর মা হতে পারবে না নিবেদিতা । তাই কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে জন্মের সূচনা হবে ভ্রূণের ।  কয়েকটা মাত্র কোষ জরায়ুতে প্রতিস্থাপনের পর নিবেদিতার গর্ভে বেড়ে উঠবে সে । ইদানীং তাই বেশ কিছু মাস ধরে ওষুধ, ইঞ্জেকশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ও । মাঝে মাঝে হতাশা এসে তবু ভিড় করে … আর তখনি সেই প্রথমবার দেখা সাদা কালো ছবির ভিতর কালো কোট পরিহিত হাস্যময় এক মুখ এসে উদয় হয় চোখের সামনে । যার গল্প ও প্রতিবার এখানে এসেই একটু একটু করে শোনে ।

মা এই যে দেখছ ছবিতে , ইনি সুভাষ মুখোপাধ্যায় । আমাদের সবার শিক্ষক । এই বলেই সম্বোধন করেছিলেন নিবেদিতার প্রৌঢ় ডাক্তার বাবু ।

    সুভাষ মুখোপাধ্যায় – ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম টেস্ট টিউব বেবি বা আই ভি এফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এর জনক – অকালে হারিয়ে যাওয়া কৃতী বঙ্গসন্তান । ১৬ই জানুয়ারি ১৯৩১ খ্রিস্টাব্দে তৎকালীন বিহারের হাজারিবাগ (বর্তমানে ঝাড়খণ্ডের অন্তর্গত ) শহরে জন্ম হয়েছিল তাঁর । ছাত্রজীবন কেটেছিল প্রথমে স্কটিশ চার্চ কলেজে । পরবর্তী পর্যায়ে ১৯৫৫ খ্রিস্টাব্দে এমবিবিএস ডিগ্রি লাভ করেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে । ওই বছরেই শারীরবিদ্যা বিষয়ে সান্মানিক স্নাতক হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ।  ১৯৫৮ খ্রিস্টাব্দে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেন প্রজনন শারীরবিদ্যা (অর্থাৎ রিপ্রোডাকটিভ ফিজিওলজি) বিষয়ে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে । এরপর এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে লিউটিনাইজিং হরমোন পরিমাপের নতুন পদ্ধতি আবিস্কার করে দ্বিতীয়বার পিএইচডি ডিগ্রি লাভ করেন ১৯৬৭ খ্রিস্টাব্দে । এরপরের কিছু বছর শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজের শারীরবিদ্যা বিভাগে দিব্যি দিন কাটছিল তাঁর ।

           সারাবিশ্বের বিভিন্ন পরীক্ষাগারে তখন নলজাতক নিয়ে গবেষণা চলছে জোরকদমে । ডাঃ মুখোপাধ্যায়ের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি বা আদর্শ পরীক্ষাগার – কোনোটাই নেই । যেটুকু ছিল তা মেধা এবং নতুন কিছু আবিষ্কারের জন্যে অদম্য জেদ । দুই সহকারী হিসেবে পেলেন ডাঃ সুনিত মুখার্জি ( ক্রায়োবায়োলজিস্ট – যিনি নিম্ন তাপমাত্রায় বিভিন্ন কোষ সংরক্ষক হিসেবে পারদর্শী ) এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সরোজ কান্তি ভট্টাচার্য্যকে । তাদের সহযোগিতায় অপ্রতুল ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আশার আলো দেখতে শুরু করেছিলেন ধীরে ধীরে । কিন্তু সঠিক পথে এগোনো হল কিনা তারজন্যে তো প্রমান চাই । ফলাফল না পেলে কি করেই বা জনসমক্ষে আনবেন সেই নতুন গবেষণার তথ্য !  বন্ধুসূত্রে পরিচয় হল বনেদি মাড়োয়ারি পরিবারের আগরওয়াল দম্পতির সঙ্গে । সন্তানহীন মা বাবার বিবাহের পর অতিক্রান্ত হয়েছে সুদীর্ঘ বারো বছর । আনকোরা পদ্ধতিতে সাফল্যের অনিশ্চয়তা জানলেও অসহায় দম্পতি নিজেদের পরিচয় গোপন রেখে রাজি হয়েছিলেন সেই প্রস্তাবে ।

   অক্টোবর ৩, ১৯৭৮ , দুর্গাপুজোর ঠিক আগে সাফল্য এসে ছুঁয়ে দিল ডাঃ মুখোপাধ্যায়ের কাছে । জন্ম নিল দুর্গা ওরফে কানুপ্রিয়া আগরওয়াল । ভারত তথা এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় নলজাতক সন্তান । যার জনক এক বঙ্গ সন্তান ।  প্রথম নলজাতক লুইস ব্রাউন অবশ্য মাত্র ৬৭ দিন আগে জন্ম নিয়েছে ইংল্যান্ডে ।  সেখানকার আধুনিক সরঞ্জামের বিপরীতে কলকাতায় এক সাধারণ রেফ্রিজারেটর , অপরিসর গবেষণাগার , স্বল্প লোকবলের সাহায্যে যে যুগান্তকারী আবিষ্কার – দ্বিতীয় হলেও কি তাঁর কৃতীত্ব কোনো অংশে কম ? এবার সে গবেষণা প্রকাশ্যে আনার কথা ভাবলেন ডাঃ সুভাষ মুখোপাধ্যায় ।  সম্পূর্ণ গবেষণাপত্র পাঠিয়ে দিলেন আন্তর্জাতিক হরমোন স্টেরয়েড কংগ্রেস (নতুন দিল্লী) ও ইন্ডিয়ান জার্নাল অফ ক্রায়োজেনিক্সের দরবারে । তখন তোলপাড় পড়ে গেলো সংবাদমাধ্যমে ।  হিমায়িত মানব ভ্রূণ থেকে সৃষ্ট নলজাতকের জনকের অবমাননা শুরু ঠিক এই পর্যায় থেকে …

              কোথায় যেন হারিয়ে গেলো তাঁর যোগ্য সম্মান !! এর পরিবর্তে কর্মক্ষেত্র থেকে শুরু করে সমাজেও একপ্রকার একঘরে করে দেওয়া হল তাঁকে । অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে চললো একের পর এক বিচারসভা । কেন তৎকালীন রাজ্য সরকারের জানার আগে সংবাদমাধ্যম আগে জেনে গেলো এই তথ্য ? অভিযোগের তির ছুঁড়ে তাঁর আবিষ্কারকে একপ্রকার মিথ্যে বলে দাবি করলেন তদন্ত কমিটির সদস্যরা । পেশায় তাঁরাও চিকিৎসক, কিন্তু আইভিএফ পদ্ধতি সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাদের । সাহায্য করতে চেয়েও পারিপার্শ্বিক চাপে পড়ে তাঁর সহকারীরা এগিয়ে আসতে পারেননি । পারিবারিক সম্মান অক্ষুণ্ণ রাখার জন্যে চুপ থাকেন আগরওয়াল দম্পতিও । নানাস্তর থেকে একের পর এক বাধা পেয়ে তখন হৃদয় বিদারিত সৃষ্টিকারকের । জাপানের আন্তর্জাতিক এক সন্মেলনে বক্তৃতা দেওয়ার ডাক এলেও যেতে পারলেন না তিনি, কেড়ে নেওয়া হয়েছিল পাসপোর্ট ।

       সেইসময় প্রচ্ছন্ন মদতে তাঁকে বদলি করা হল সুদূর বাঁকুড়া সন্মিলনী মেডিকেল কলেজে । হৃদরোগে আক্রান্ত হওয়ায় এরপর কলকাতা আর জি কর মেডিকেল কলেজে ফিরিয়ে আনা হল তাঁকে । বিজ্ঞান গবেষণায় নিবেদিতপ্রাণ স্রষ্টার কাছ থেকে গবেষণার সকল সুযোগ কেড়ে নিতে পুনরায় ১৯৮১ খ্রিস্টাব্দের জুন মাসে তাঁকে বদলি করা হল কলকাতার রিজিওনাল ইন্সিটিউট অফ অপথ্যালমোলজিতে । অনেক যুদ্ধের পর এবার হতাশা এসে গ্রাস করলো তাঁকে ।  যাবতীয় অপমান , অভিযোগের  উর্দ্ধে গিয়ে শেষপর্যন্ত থেমে গেল তাঁর জীবনরথ । ১৯৮১ এর ১৯শে জুন সহধর্মিণী নমিতা মুখোপাধ্যায় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে দেখলেন সব  গবেষণাকে ছুটি দিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাঁর জীবনসঙ্গী । কাগজে লিখে গেছেন যন্ত্রণাময় কয়েকটি শব্দ, যার বাংলা অর্থ দাঁড়ায় –“হার্ট অ্যাটাকে মৃত্যুর জন্যে আমি প্রতিদিন অপেক্ষা করতে পারলাম না।“ এই ঘটনার পর নমিতাদেবী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বাকি জীবন শয্যাশায়ী হয়ে কাটান ।

                       তাঁর গল্প এখানেই শেষ হয়ে যেতে পারতো । কিন্তু হল না কারণ একজন সহৃদয় চিকিৎসক , ডাঃ টি সি আনন্দ কুমারের প্রবেশ ঘটলো এই চিত্রনাট্যে । ডাঃ মুখোপাধ্যায়ের মৃত্যুর পাঁচ বছর পর ১৯৮৬ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট ভারতের প্রথম নলজাতক ‘হর্ষ’ এর জন্মদাতা বলে প্রকাশ পেয়েছিলেন তিনি এবং ডাঃ ইন্দিরা হিন্দুজা । হঠাৎই জাতীয় বিজ্ঞান অধিবেশন উপলক্ষ্যে ১৯৯৭ খ্রিস্টাব্দে কলকাতায় আসার পর তাঁর সঙ্গে সাক্ষাৎ হল ডাঃ মুখোপাধ্যায়ের তৎকালীন সহকারীর সঙ্গে । সমস্ত গবেষণার কাগজ এবং ডায়েরী পড়ে তিনি বুঝতে পারেন আসলে তিনি ডাঃ মুখোপাধ্যায়ের উত্তরসূরি । তিনি নলজাতকের স্রষ্টা হিসেবে সমাদর পেলেও মূল কারিগর নিদারুণ যন্ত্রণা পেয়ে হারিয়ে গেছেন বহু আগে । এবার তাঁকে স্বীকৃতি দেবার পালা । সারা বিশ্বের কাছে জানানোর দায়িত্বের ভার নিলেন ডাঃ টি সি আনন্দ কুমার । দেখা করলেন দুর্গার পরিবারের সঙ্গে । কানুপ্রিয়া আগরওয়ালের তখন পদবি বদলেছে বিবাহের পর ।  জন্মদাতা বিজ্ঞানীকে সম্মান ফিরিয়ে দিতে এবার বদ্ধপরিকর তিনি ।

Dr. T. C . Anand Kumar
Dr. Indira Hinduja

              সকল নথি খতিয়ে দেখে আইসিএমআর এর প্রজনন বিদ্যা বিভাগে সেগুলি পাঠালেন ডাঃ টি সি আনন্দ কুমার । যে সরল পদ্ধতি অনুসরণের দ্বারা সাফল্যের সঙ্গে জন্ম নিয়েছিল দুর্গা, সেটাই বর্তমানে ব্যবহৃত হয় সারাবিশ্বে । দুর্ভাগ্য এটাই যে রাজনৈতিক জাঁতাকলে পড়ে হারিয়ে যেতে হয়েছিল তাঁর আবিষ্কারক কে । যে গবেষণা মিথ্যে বলে জনসমক্ষে হেনস্থা করা হয়েছিল স্রষ্টাকে, ডাঃ আনন্দের হাত ধরে ভারত তথা বিশ্বের সকল আন্তর্জাতিক ক্ষেত্র মানতে বাধ্য হল তার সত্যতা । সেই দিনটিও ছিল দুর্গার ২৫ তম জন্মদিন …ভারতবর্ষের আইভিএফ পদ্ধতির সাফল্যের পঁচিশ বছর ।

      ২০১০ খ্রিস্টাব্দ, সারা পৃথিবীর ১০০ টি দেশের ১১০০ জন চিকিৎসাবিজ্ঞানীর আবিষ্কার লিপিবদ্ধ করে প্রকাশিত হল ‘দ্য ডিকশনারি অফ মেডিকেল বায়োগ্রাফি’ । সেই বইতে স্বর্ণাক্ষরে লেখা যে তিনটি নাম ছিল কলকাতা থেকে , তাঁরা হলেন – উপেন্দ্রনাথ ব্রহ্মচারী , স্যর রোনাল্ড রস এবং ডাঃ সুভাষ মুখোপাধ্যায় । সেই বছরেই প্রথম নলজাতকের জনক হিসেবে চিকিৎসাক্ষেত্রে নোবেল পুরস্কার পেলেন ডাঃ রবার্ট এডওয়ার্ডস । কে বলতে পারে এই পুরস্কারের সঙ্গী হিসেবে একজন বাঙালি বিজ্ঞানীর নাম জুড়ে থাকতো না !

তাঁকে নিয়ে লেখা রমাপদ চৌধুরীর উপন্যাস ‘অভিমন্যু’ । যার উপর ভিত্তি করে চিত্রপরিচালক তপন সিনহা নির্মিত করেন ‘এক ডক্টর কি মওত’ ।

 বঞ্চনার ভার কমাতেই হয়তো  বর্তমান কালে কলকাতায় গড়ে উঠেছে ‘ডাঃ সুভাষ মুখোপাধ্যায় মেমোরিয়াল রিপ্রোডাকটিভ বায়োলজি রিসার্চ সেন্টার’ । মৃত্যুর ৪০ বছর পর তাঁর কর্মক্ষেত্র নীলরতন সরকার মেডিকেল কলেজের ছাত্রাবাসের নামকরণ হয়েছে মহান এই বিজ্ঞানীর নামে , আবক্ষ মূর্তি বসেছে সেখানে । যে ঘরে তিনি গবেষণায় রত থাকতেন তার বাইরে লাগানো হয়েছে স্মৃতিফলক । এছাড়াও তাঁর মূর্তি স্থাপন হয়েছে সুদূর হাজারিবাগ শহরে । দাবি উঠেছে তাঁকে যোগ্য সন্মান দেওয়ার … কিন্তু যে যন্ত্রণা বুকে নিয়ে তিনি হারিয়ে গেছিলেন পরপারে, সেই ক্ষতর উপর প্রলেপ দেওয়ার সাধ্য আমাদের কারোর নেই ।

(৩)

        বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন । নিবেদিতা আর সৌরিশের কোল আলো করে এসেছে এক নবজাতিকা । বহুদিনের অপেক্ষার পর মা হবার অনুভূতি নিবেদিতার কাছে ভাষাহীন । ক্লান্তি, শারীরিক কষ্ট এসব ফিকে ।  বুকের ওমে তাকে জড়িয়ে নিয়ে কত স্বপ্ন আঁকিবুঁকি কেটেছে মনের গহীনে । বারবার সেই সাদাকালো ছবির অবয়ব ফিরে এসেছে চোখের সামনে । মনে মনে তাই ভেবে রেখেছে একটা নাম , ‘সুভাষিণী’ । ওর আদরের সন্তানের নামের সঙ্গে আজীবন সেই স্বপ্নের কাণ্ডারী বেঁচে থাকবে। এটুকুই তো দিতে পারে সে …

‘ভুলে যাওয়া বাঙালি’ এই শিরোণামে প্রতি বুধবার ও রবিবার আমাদের ওয়েবসাইট www.saptarshinag.in এ প্রকাশিত হবে একটি করে অধ্যায় | আর সেই লেখা হবে তোমাদের | বাংলার এমন কৃতি সন্তানরা যাঁদের আজ মানুষ ভুলে গেছে তাঁদের নিয়ে গবেষনামূলক লেখার সিরিজ এটি | লিখতে হবে বাংলায় | সেরা লেখাগুলো স্থান পেতে পারে kindle এ প্রকাশিত বইয়ে | তাই চটপট পাঠিয়ে দাও নিজের লেখা nagsaptarshi@gmail.com এই মেইল আইডি তে | ওয়ার্ড ফাইল এ শুধুমাত্র পাঠানো যাবে লেখা | লেখার গুণমান বিচার করে শুধুমাত্র ভালো লেখাই কিন্তু প্রকাশ পাবে | শব্দের কোনো সীমারেখা নেই | লেখা পাঠানোর ও ডেডলাইন নেই | এই সিরিজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ও তোমাদের |

ভুলে যাওয়া বাঙালি: পর্ব আট-দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

         কলমে   সুমনা চ্যাটার্জী

পেরেছে অর্ক পেরেছে। অন্তত একজন অবলার সবলা হওয়ার পথকে সে প্রশস্ত করতে পেরেছে।এই একবিংশ শতাব্দী তে দাড়িয়েও যখন বাল্য বিবাহ,অশিক্ষায় জর্জরিত করুন মুখগুলোকে  দেখে মনটা তার হুহু করে ওঠে।করোনা কালে এমন কত অবলা কে যে বাল্য বিবাহের যুপকাষ্ঠে বলি হতে হলো সংখ্যাটা এখনও অজানা।তবে আজ খবর পাওয়া মাত্র এক মুহুর্ত দেরি করেনি সে,প্রশাসনের সহায়তায় উদ্ধার করতে পেরেছে বারো বছরের সুষমা কে।যাতে কোনোভাবেই তার পড়াশুনা বন্ধ না হয়ে যায় তার দ্বায়িত্ব ও‌ নিয়েছে সে।ফোনটা বেজে উঠলো হঠাৎ,ওপাশে সুদীপের গলা”আ রে ভাই তুই তো হিরো হয়ে গেলি,ফেসবুক এ তোর ছবিতে লাইক র বন্যা”।

ভাবছিল অর্ক এক অবলার জীবনে এই সামান্যতম অবদান তাকে “হিরো” বানিয়ে দিল অথচ যে মানুষটা বছরের পর বছর সমাজের সব চোখ রাঙানি কে উপেক্ষা করে অবলাদের অধিকারের জন্য লড়াই করে গেছেন,যাকে স্বয়ং শিবনাথ শাস্ত্রী বলেছেন” আমাদের হিরো” সেই ‘অবলাবান্ধব’কে আজ ভুলেছে আত্মবিস্মৃত বাঙালি।বাংলার প্রথম মহিলা গ্রাজুয়েট থেকে প্রথম মহিলা ডাক্তার বা যদি বলা হয় কংগ্রেসে মহিলাদের প্রবেশ সব পথকেই প্রশস্ত করছেন এই অবলাবান্ধব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় অথচ এই যুগপুরুষ দুঃসাহসিক প্রখ্যাত সমাজ সংস্কারকের কথা আমাদের অজানা।তিনি আজও প্রচ্ছন্ন সমাজের কাছে।না, আর দেরি করলনা অর্ক।অন্তত তার তরফ থেকে যেটুকু সম্ভব সে করবে।বেছে নিলো তাকে একদিনের “হিরো” বানানোর মাধ্যম কেই এই প্রচ্ছন্নে থেকে যাওয়া মানুষটির অবিশ্বাস্য কিছু কর্মকাণ্ডকে প্রকটে আনার জন্য।যদি সামান্য কিছু মানুষ কেও অবগত করতে পারে তার এই প্রচেষ্টা। লেখাটার নাম দিল

        নারীদরদি দ্বারকানাথ

দ্বারকানাথের জন্ম বিক্রমপুরের মারখন্দ গ্রামে  ১৮৪৫ সালের ৯ বৈশাখ।কিশোর বয়স থেকেই বাংলার পীড়িত মেয়েদের দুঃখ কষ্ট তাঁকে নাড়া দিত।কুলীন পরিবারের সন্তান হয়েও জেদ ধরে বসলেন “আমি দ্বিতীয় বিবাহ করবনা” ত্যাজ্য পুত্র করলেন  পিতা তবে তা টলাতে পারেনি তাঁর নারীদরদী মনকে, ১৮৬৯ সালে ঢাকা থেকে প্রকাশিত হল “অবলাবান্ধব” পত্রিকা, এটি বিশ্বের প্রথম পত্রিকা যা সম্পূর্ণ ভাবে নারীদের উন্নয়ের উদ্দেশ্যে প্রকাশিত।যা পড়ে কলকাতার ব্রাহ্ম যুবকরা বিস্মিত। তারা ভাবলেন দূরবর্তী গ্রাম থেকে কে এই ব্যক্তি যিনি নারীজাতির শিক্ষা ও উন্নতি সম্মন্ধে এমন মত ব্যক্ত করেন।অবলাবান্ধব এলেন কলকাতায় ।শুরু হল তাঁর বিশাল কর্মযজ্ঞ।বাংলায় স্ত্রী শিক্ষা প্রসারে একটা বড় দৃষ্টান্ত স্থাপনের  প্রয়োজন ছিল।কি সেই দৃষ্টান্ত? না, যেকোন একজন বা কএকজন মেয়ে বিশ্ববিদ্যালয়ের স্তরে নিজেদের নিয়ে যাবেন এবং পরবর্তী প্রজন্মের এগিয়ে যাওয়ার পথ সুগম করবেন।এগিয়ে এলেন দ্বারকানাথ প্রতিষ্ঠিত হল হিন্দু মহিলা বিদ্যালয়,১৮৭৩।বেথুন স্কুল কমিটির রিচার্ড গার্ড একবার দুই স্কুলের তুলনামূলক আলোচনা করে বলেন,একটি সম্পূর্ণ বেসরকারি স্কুল নারী শিক্ষায় যে অগ্রগতি দেখিয়েছে, সরকারি কোনো স্কুলে সেই মানের শিক্ষাদানের ব্যবস্থা নেই।।কাদম্বিনী ও সরলা বসুর পরবর্তী জীবনে সাফল্য ও সেটাই প্রমাণ করে।স্কুলের পাঠ্যাদির ব্যবস্থা ,ছাত্রীদের আহার, চিকিৎসা সবই দ্বারকানাথ সামলাতেন একা হাতে।দ্বারকানাথ বরাবরই ছেলে ও মেয়েদের পাঠক্রমের সামঞ্জস্যতায় বিশ্বাস করতেন ,মেয়েরা জ্যামিতি ও বিজ্ঞান পড়তে পারেনা  এমন ধারণাকে তিনি প্রশ্রয় দেননি, নিজে হাতে বাংলায়   বিজ্ঞান বই লিখেছিলেন তার বিদ্যালয়ের ছাত্রীদের পঠনের উদ্দেশ্যে।শুধুমাত্র দ্বারকানাথের মত বিরল কিছু মানুষের জন্যই স্ত্রীশিক্ষা আধুনিকতার অভিমুখে কয়েক পা এগোতে পেরেছে।নবজাগরণের বহু নেতার মত ঘরে রক্ষনশীল ও বাইরে প্রগতিশীলতার সমর্থক গোছের কোনো দ্বিচারিতা তাঁর মধ্যে ছিলনা।কাদম্বিনী গাঙ্গুলি তাঁর একদা ছাত্রী পরবর্তী কালে স্ত্রী হলেন তার জ্বলন্ত উদাহরণ।তিনি বরাবর ই চেয়েছিলেন নারীর উপার্জনের পথকে প্রশস্ত করতে। দ্বারাকনথের বহু আন্দোলনের পর মেডিক্যাল কলেজের দ্বার উন্মুক্ত হয় মহিলাদের জন্য।কাদম্বিনী হন প্রথম প্র্যাক্টিসিং মহিলা বাঙালি ডাক্তার।দ্বারকানাথের উৎসাহেই রাজনীতির আঙিনায় মহিলাদের প্রবেশের পথ প্রশস্ত হয়।তিনি ছিলেন ইন্ডিয়ান আ্যসোসিয়েসনের সাধারণ সম্পাদক। জাতীয় মহাসভা  প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তিনি নারীদের ডেলিগেট হওয়ার দাবি নিয়ে আন্দোলন শুরু করেন।১৮৮৯ সালে কংগ্রেস সেই দাবি পূরণ করে ও পঞ্চম অধিবেশনে ৬ জন মহিলা অংশগ্রহণ করেন। তাঁর অক্লান্ত আন্দোলনের ফলেই ভারতীয় নারীরা এই অধিকার অর্জন করেন এমনকি ইংল্যান্ডেও তখন নারীরা এই অধিকারে বঞ্চিত ছিলেন। তাঁর কর্মকাণ্ড শুধু কলকাতার বুকেই সীমিত ছিলনা তিনি আসামের নিপীড়িত কুলিদের দুর্দশা প্রত্যক্ষ করেন এবং সেই জ্বালাময়ী লেখা প্রকাশ করেন বেঙ্গলি ও সঞ্জীবনী পত্রিকায়।চাপের মুখে ব্রিটিশ সরকার এই কুলিদের জন্য আইন প্রণয়নে বাধ্য হয়।দ্বারকানাথ সম্পর্কে তাঁর কৃতি ছাত্রী অবলা বসু লেখেন” দ্বারকানাথ যে কি রকম লোক ছিলেন ,তাহা প্রকাশ করিতে পারিনা।এমন সর্বতোমুখি প্রতিভা খুব অল্প লোকেই দেখা যায়।সর্বকার্যে উৎসাহ ও উদ্দীপনা ।কোথাও কোনো নারী বিপদের সম্মুখে তিনি প্রাণের ভয় ছাড়িয়া তাহাকে উদ্ধার করিতে গেলেন। মেয়েদের বিদ্যালয় নাই তিনি সকল শক্তি প্রয়োগ করিলেন বিদ্যালয় প্রতিষ্ঠায়”।আমাদের দুর্ভাগ্য বাংলার নবজাগরণের মশাল সাফল্যের সঙ্গে যারা বহন করেছিলেন দ্বারকানাথ তাদের মধ্যে অন্যতম।সেযুগে দাড়িয়েও বলিষ্ঠ হস্তে তিনি প্রশস্ত করেছেন নারীর উত্থানের পথকে।বহুবিবাহ ,বাল্য বিবাহ থেকে পর্দাপ্রথা নারীদের সমাজে সসম্মানে প্রতিষ্ঠায় সব আন্দোলনে তিনি ছিলেন পুরোভাগে।আজ একবিংশ শতকে দাড়িয়েও বহু অবলা নিপীড়িত শোষিত কিন্তু আত্মবিস্মৃত বাঙালি তাঁকে মনে রাখেনি।এটাই ইতিহাসের পরিহাস।লেখাটা পোস্ট করল অর্ক।জানেনা কটা মানুষই বা পড়বে এই লেখা তবে  এমন একজন যোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন সে করল তার এই লেখার মাধ্যমে।।

‘ভুলে যাওয়া বাঙালি’ এই শিরোণামে প্রতি বুধবার ও রবিবার আমাদের ওয়েবসাইট www.saptarshinag.in এ প্রকাশিত হবে একটি করে অধ্যায় | আর সেই লেখা হবে তোমাদের | বাংলার এমন কৃতি সন্তানরা যাঁদের আজ মানুষ ভুলে গেছে তাঁদের নিয়ে গবেষনামূলক লেখার সিরিজ এটি | লিখতে হবে বাংলায় | সেরা লেখাগুলো স্থান পেতে পারে kindle এ প্রকাশিত বইয়ে | তাই চটপট পাঠিয়ে দাও নিজের লেখা nagsaptarshi@gmail.com এই মেইল আইডি তে | ওয়ার্ড ফাইল এ শুধুমাত্র পাঠানো যাবে লেখা | লেখার গুণমান বিচার করে শুধুমাত্র ভালো লেখাই কিন্তু প্রকাশ পাবে | শব্দের কোনো সীমারেখা নেই | লেখা পাঠানোর ও ডেডলাইন নেই | এই সিরিজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ও তোমাদের |

ভুলে যাওয়া বাঙালি- পর্ব পাঁচ -পঞ্চানন কর্মকার

কলমে- স্বাগতা ঘোষ

সেদিন আমার খুদে ছাত্রটিকে দিচ্ছিলেম ভাষার পাঠ। ভাষার কথা উঠলেই প্রথমে আসে ধ্বনি। তাই মানুষের মুখনিঃসৃত ধ্বনি থেকে শুরু করে বর্ণমালার বাহান্ন বর্ণের উপাদেয় ব্যঞ্জনভোগ,সে আলোচনায় সামিল হচ্ছিল সবই। অতঃপর খুদে মন ছাপিয়ে আসছিল অজস্র প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক  প্রশ্নের জোয়ার।  অবশ্য মন্দ লাগছিল না সেসবের উত্তর দিতে , কারণটা  বোধহয় নিজের শিকড়ের স্মৃতিচারণের সুখ। আপন সংস্কৃতির আলাপে,চর্চায় কি যে এক অনির্বচনীয় মুক্তির স্বাদ আছে, তা হেমন্তের শীতলধারার মতো আঁধারে খোলা আকাশের নীচে না দাঁড়ালে অনুধাবন করা যায় না। এ ধারায় যে ভিজেছে কেবল সেই জানে তার সুখ।আজকালকার এই সাহেবসুবো বাপ-মায়ের ঘরে বসে কোনো ছেলে যদি নিজের মাতৃভাষা নিয়ে  দু-চার কথা জানতে চায় তা কম আনন্দের,না কম আতিশয্যের !!

     যখন তাকে বললেম, “ ধ্বনিকে লিখে প্রকাশ করার চিহ্নই হল বর্ণ ”, সে বললে, “কে লিখলে এ চিহ্ন বইয়ে? ” আমি তো অবাক ! এমন প্রশ্ন তো আগে কেউ করেনি। কম করে হলেও বছর তিনেক হল এই পেশায়  ,কই এর আগে তো আর একটিও বঙ্গসন্তান জানতে চায়নি ‘ বাংলার গুটেনবার্গ ‘ কে!তারা রবীন্দ্রনাথ জানে,বিদ্যাসাগর মানে,দু লাইন পদ্য আওড়েই  হাঁপিয়ে উঠে  ইংরেজি নভেলে আশ্রয় খোঁজে!ব্যাস! এটুকুই তাদের মনোরম অপরাহ্নে বঙ্গরসবিহার।যাইহোক, ছাত্রটিকে একবুক উৎসাহ নিয়ে উত্তর দিলেম, “ এ চিহ্ন বইয়ে লিখেছেন পঞ্চানন কর্মকার। তুমি শুনবে ওনার কথা?” সে সোৎসাহে মাথা নাড়ালে।আমি বলতে শুরু করলেম –

   বাংলায় মুদ্রণাক্ষরের  জনক পঞ্চানন কর্মকারের জন্ম তৎকালীন বাংলার হুগলি জেলার ত্রিবেণী নামে একটি গ্রামে।পিতা ছিলেন প্রখ্যাত শিল্পী শম্ভুচরণ কর্মকার। তাঁর জন্মের সাল বা জন্মদাত্রী মা সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য মেলে না। পঞ্চাননের পূর্বপুরুষরা ছিলেন লিপিকার,ধাতু অলঙ্কারক,দক্ষ খোদাইকারক।তাঁদের আদি বাসস্থান ছিল হুগলি জেলার জিরাটে।পরে পরিবারটি ত্রিবেণী তে বসবাস শুরু করে।প্রথমে তাঁদের পদবী ছিল মল্লিক।তাঁদের পরিবারের সুদক্ষ শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন স্বয়ং নবাব আলীবর্দী খাঁ।কালক্রমে তাঁরা কর্মকারের পেশা গ্রহণ করে লোহার সাথে সখ্যতা গড়ে তোলেন।কারণে -অকারণেই নামের সাথে জুড়ে যায় কর্মকার পদবী।স্বাভাবিকভাবেই উত্তরাধিকারসূত্রে পঞ্চানন হয়ে ওঠেন ত্রিবেণীর দক্ষ ধাতুশিল্পী।

     সময়টা অষ্টাদশ শতকের একেবারে শেষ।ততদিনে ভারতের সম্পূর্ণ শাসনভার ইংরেজের হস্তগত।এমতবস্থায় শাসনকার্যের সুবিধার্থে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা প্রকট হয়ে পড়ে,ফলস্বরূপ প্রয়োজন হয় বাংলাভাষার পুস্তকের।অথচ তখনও মুদ্রণের জন্য বাংলা হরফের আবিষ্কার হয়নি। দেশের প্রথম ছাপাখানা অবশ্য তার অনেক আগেই পর্তুগিজদের প্রচেষ্টায় গোয়ায় স্থাপিত হয়েছিল ১৫৫৬ সালে।পরবর্তীতে ইংরেজ মিশনারীদের চেষ্টায় ভারতের বিভিন্ন জায়গায় বহু ছাপাখানা প্রতিষ্ঠা পায়।বাংলার প্রথম ছাপাখানা আত্মপ্রকাশ করে ১৭৭৮ সালে হুগলিতে ফাদার এন্ড্রুজ সাহেবের তত্ত্বাবধানে।এই ঐতিহাসিক ছাপাখানায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার ও আধুনিক ছাঁচের ফরাসি হরফের স্রষ্টা চার্লস উইলকিন্সের তত্ত্বাবধানে দুর্নিবার মেধা ও অকুণ্ঠ পরিশ্রমকে পাথেয় করে পঞ্চানন মুদ্রণের জন্য ছেনি কেটে,ঢালাই ফেলে তৈরি করেন চলনশীল বা বিচল ধাতব বাংলা হরফ। বাংলায় এই প্রথম মুভেবেল টাইপ বা বিচল হরফের আত্মপ্রকাশ,তাই পঞ্চানন কর্মকারকে বলা হয় “ বাংলার ক্যাসটন” বা “বাংলার মুদ্রণ শিল্পের জনক ”। শুধু বাংলাতেই নয়,এমনকি সমগ্র ভারতীয় ভাষার বিচারে এই হরফ ছিল প্রথম ভারতীয় ভাষায় ভারতবর্ষের বৈপ্লবিক হরফ।এই হরফ ব্যবহৃত হয় হ্যালহেডের বাংলা ব্যাকরণে।১৭৭৮ সালে হুগলির চুঁচুড়া থেকে প্রকাশিত হয় ‘ A Grammar of the Bengal Language’ । বইটি অনায়াসে বাংলা হরফে মুদ্রিত প্রথম বইয়ের খেতাবটি অধিকার করতে পারে।এর পরের বছর অর্থাৎ ১৭৭৯ সালে ওয়ারেন হেস্টিংসের ঐকান্তিক উৎসাহে কলকাতায় প্রতিষ্ঠিত হয় সরকারি ছাপাখানা, ‘ কোম্পানির প্রেস ‘ । অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন উইলকিন্স এবং তাঁর সুপরামর্শে পঞ্চানন তাঁর শিল্পনৈপুণ্য নিয়ে হাজির হন কলকাতায়, হেস্টিংসের উৎসাহে নিযুক্ত হন কোম্পানির প্রেসে।

    ১৭৮৫ সাল, পঞ্চানন ও উইলকিন্সের হাতগুনে প্রকাশিত হল হেস্টিংসের বহু প্রতীক্ষিত          ‘শ্রীমদ্ভগবদগীতা ‘র প্রথম ইংরেজি অনুবাদ,যায় ভূমিকা রচনা করলেন ওয়ারেন হেস্টিংস নিজে ।

    ১৭৯৯ সাল, উইলিয়াম কেরির সাথে সাক্ষাৎ হয় পঞ্চানন কর্মকারের,এই সাক্ষাৎ শ্রীরামপুর মিশন প্রেসকে এশিয়ার বৃহত্তম অক্ষর তৈরির কারখানায় উন্নীত করে।শ্রীরামপুর মিশন প্রেসের জন্ম ১৮০০ সালের ১০ই জানুয়ারি । সেসময় খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের জন্য বাংলা ভাষায় খ্রিস্টের বাণী সম্বলিত গ্রন্থ বিতরণ করা হয়ে পড়েছিল রীতিমত দস্ত্তর।তাই কেরি সাহেব পঞ্চানন ও তাঁর জামাতা মনোহর কারিগরকে উন্নতমানের হরফ তৈরির জন্য নিয়ে আসেন শ্রীরামপুরে। তাঁর দুরন্ত ইচ্ছা আর অবিরাম প্রচেষ্টায় তৈরি ধাতব হরফে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের কেরি প্রণীত অনুবাদ মুদ্রিত হয়।  পঞ্চানন প্রত্যেকটি হরফের দাম ধার্য করেছিলেন এক টাকা চার আনা । এ দাম ছিল সচল হরফে ইউরোপ থেকে ছাপিয়ে আনা বইয়ের তুলনায় ঢের কম। তাঁর হরফগুলি ছিল সুঠাম, সুন্দর ও স্পষ্ট।১৮০৩ সালে ভারতের বুকে প্রথম দেবনাগরী হরফ প্রস্তুত করেন পঞ্চানন, উইলকিন্সের সংস্কৃত ব্যাকরণের জন্য। এরপর আরবি,ফারসি,মারাঠি, বর্মী, গুরুমুখী, তেলেগু সহ মোট চোদ্দোটি ভাষার মুদ্রণযোগ্য হরফ তৈরি করেন এই কিংবদন্তি শিল্পী। বাংলা বেশ কিছু হরফের ছাঁচ ও নকশায় রয়েছে পঞ্চাননের নিজস্বতা ও প্রত্যক্ষ প্রভাব,তাই বুঝি শ্রীরামপুর আজ ‘অক্ষরের শহর’ । তবে ভাষার ইতিহাস তবুও মুদ্রণাক্ষরের জনকের ইতিহাস সম্পর্কে মুদ্রিতপল্লব নেত্রেই দুশো বছর অতিবাহিত করেছে। কবির কথায়, “ ইতিহাস মারিছে ইতিহাসের গলা টিপে” । পঞ্চাননের জামাতা মনোহর ও দৌহিত্র কৃষ্ণচন্দ্র পরবর্তীতে শ্রীরামপুরের ‘বটতলায়’ একটি ছাপাখানা স্থাপন করেন। ইহাই পরবর্তীতে রূপান্তরিত হয় ‘ অধর টাইপ ফাউন্ড্রি’ তে । কালের স্রোত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে  “বর্ণপরিচয়” হাতে টেনে আনে এই ঐতিহাসিক পটভূমিতে, প্রস্তুত হয় আর এক ইতিহাসের সূচনার অক্ষর।

    বাঙালি আজকাল আর নিজের ভাষায় লিখতে বা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে না। বঙ্গের ভিটেমাটি বেচে অন্য ভাষার দরজায় কড়া নাড়াতেই সে বেশি গর্ববোধ করে, অথচ এই ভাষার হরফ তৈরির জন্য অজ্ঞাতভাষী এক ভিনদেশীর উৎসাহে এক বঙ্গসন্তান কত নিদ্রাহীন রাত্রি অতিবাহিত করেছেন কাঠ বা কঠিন ধাতুর গাত্রে ছেনির মৃদুমন্দ আঘাতে।কতশত পথ আঁধারে পাড়ি দিয়ে বাংলাদেশে এনেছেন অক্ষর-হরফের আলো। তবুও বাঙালির ইতিহাস তাঁকে বিস্মৃতির অতলে নিমজ্জিত রেখেছে নির্দ্বিধায় । অথচ ত্রিবেণীর পঞ্চানন না থাকলে হয়তো বঙ্গের ‘ বর্ণ পরিচয় ‘ থেকে যেত চিরকালের ‘অধরা মাধুরী’ হয়ে।

‘ভুলে যাওয়া বাঙালি’ এই শিরোণামে প্রতি বুধবার ও রবিবার আমাদের ওয়েবসাইট www.saptarshinag.in এ প্রকাশিত হবে একটি করে অধ্যায় | আর সেই লেখা হবে তোমাদের | বাংলার এমন কৃতি সন্তানরা যাঁদের আজ মানুষ ভুলে গেছে তাঁদের নিয়ে গবেষনামূলক লেখার সিরিজ এটি | লিখতে হবে বাংলায় | সেরা লেখাগুলো স্থান পেতে পারে kindle এ প্রকাশিত বইয়ে | তাই চটপট পাঠিয়ে দাও নিজের লেখা nagsaptarshi@gmail.com এই মেইল আইডি তে | ওয়ার্ড ফাইল এ শুধুমাত্র পাঠানো যাবে লেখা | লেখার গুণমান বিচার করে শুধুমাত্র ভালো লেখাই কিন্তু প্রকাশ পাবে | শব্দের কোনো সীমারেখা নেই | লেখা পাঠানোর ও ডেডলাইন নেই | এই সিরিজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ও তোমাদের |

A must read article