সাধক বামাক্ষ্যাপা – কোনো রিভিউ না

প্রথমেই বলি এই ছবির রিভিউ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। হল থেকে বেরোনোর পরেই মনে হল মনের কথা অকপটে বলি। ভালো লিখবো বলে কাল অবধি অপেক্ষায় থাকলে হয়তো এই আবেগটার প্রতি সুবিচার হবে না। আমার দেখা ইদানিংকালের সেরা বাংলা ছবি আজ দেখে এলাম। না আছে পূজোর সময় এর -তার নিজের ছবির বক্স অফিস নিয়ে প্রচারের ঢক্কানিনাদ, না আছে এক মহান সাধকের জীবনকে নিয়ে ব্যবসার উদগ্র বাসনা। সাধক বামাক্ষ্যাপাকে, তাঁর জীবন আদর্শকে, তারামায়ের সঙ্গে তাঁর জন্মলগ্ন থেকে আমৃত্যু এক অটুট সম্পর্ককে নিষ্ঠাভরে মানুষকে দেখানোর চেষ্টা শুধুই সফল হয়নি, সম্ভবত পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে বাংলা ছবি ফিরে পেলো সেই স্বর্ণালী যুগের আভা, যখন গল্প, অভিনয় আর প্রতিভা এরাজ্যের সিনেমার হলমার্ক ছিল, বক্স অফিসে লক্ষীলাভ আর চটুল খিস্তি শুনিয়ে সিনেমা হলে সস্তার হাততালি পাওয়ার বাসনা না। ছবিটার বাজেট একদমই সামান্য। কিন্তু বড় মায়ের আশীর্বাদ থাকলে বাজেট কোনো সমস্যা? ওই যে অন্ন, ভোগ, পেসাদ – বামাই তো বলতেন সব এক। শুধু ইচ্ছাটাই বড় কথা।

আবার ও বলছি আমি রিভিউ করছি না। টেকনিকাল দিকগুলো নিয়ে তাই আলোচনা করবো না। যতই মুগ্ধ হয়ে দেখি টেকনিকাল ডিটেলিং এও খেয়াল রাখছিলাম, বিশেষ ভুল চোখে পড়েনি। মাঝে মিনিট দশেক বাদে প্রায় সোয়া তিনঘন্টার ছবি হলেও পুরো টান টান স্ক্রিনপ্লে, অনবদ্য এডিটিং। গানের সংখ্যা নেহাত কম নয় কিন্তু একবার ছবিতে ঢুকে গেলে গানগুলো শুনতে বড় ভক্তি আসে। যদিও বেস সুর মোটামুটি একই রকমের তাও শ্যামাসঙ্গীতের লেখনীই তো আসল।
পরিচালনায় সায়ন্তন ঘোষাল জাস্ট অদ্বিতীয় । আসলে বক্স অফিসের তাড়না থেকে বেরিয়ে একটা গল্প শোনানোর সত্যিকারের বাসনা থাকলে আর পরিচালকের নিজস্ব কাজের প্রতি সত্যিকারের কনভিকশন থাকলে হয়তো তারা মা এরকমভাবেই ভর করেন। যেমন বড় মা করেছিলেন বামাচরণের উপর, তাঁর অর্থের প্রতি অনীহা আর জীবনবোধের স্পৃহা দেখে।
বামাচরণের বাবার ভূমিকায় সাহেব চট্টোপাধ্যায় দারুণ। বেশ কিছু দৃশ্যয় তাঁর অভিনয় চোখকে ভিজিয়ে দেয়। কিশোর বামার চরিত্রে শঙ্খদ্বীপ খুব মিষ্টি। তবে ছবির প্রাণভোমরা বামার চরিত্রে সব্যসাচী চৌধুরী। ওনার ব্যক্তিগত জীবনের গল্প শুনছিলাম। নিজের জীবনের বেদনাকে চরিত্রের সঙ্গে কি মিলিয়েছেন! মাঝে মাঝে ভাবতে অসুবিধা হচ্ছিলো উনি কি অভিনয় করছেন! বহু, বহুদিন পরে বাংলা ছবিতে এত ভালো অভিনয় দেখলাম। ওনার কোনো কাজ আগে আমি দেখিনি তবে যা দেখলাম তাতে নিশ্চিত ওনার আরো আরো অনেক ভালো ভালো কাজ আসবে। ফ্যান বানিয়ে দিলেন, সব্যসাচী।
বারবার বলে এসেছি ভালো ছবি হলে হল ভরবেই। কোনো প্রচার বাস লাগবে না, হ্যাসট্যাগ লাগবে না, সাজানো ফ্যানদের প্রশংসা লাগবে না, চটুল গান লাগবে না, অহেতুক ড্রোনশট লাগবে না, হাস্যকর স্লোমো অ্যাকশন লাগবে না। শুধু ইচ্ছে লাগবে, গল্প লাগবে, নিষ্ঠা লাগবে। সাধক বামাক্ষ্যাপা সবটাতেই সফল। এবছরের সারা দেশের অন্যতম সেরা ছবি আর নিঃসন্দেহে বহু বছরের সেরা বাংলা ছবি। না দেখলে জানবেন না কি মিস করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *